পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৫, ২০২৫
পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা

অনলাইন ডেস্ক

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান রবিউল কবির চৌধুরী স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৪ সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। ২০২৬ সালের মে-জুনে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় এই শিক্ষার্থীরাই অংশ নেবে।

এই পরীক্ষাগুলো পূর্ণ সময় ও পূর্ণ নম্বরভিত্তিক এবং এনসিটিবির প্রণীত সম্পূর্ণ সিলেবাসে নেওয়া হবে।

এতে আরও জানানো হয়, বিষয়টি সংশ্লিষ্ট সব শিক্ষা বোর্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানকে জানানো হয়েছে। একইসঙ্গে প্রয়োজনীয় প্রস্তুতি নিতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের দায়িত্বশীলদের কাছেও পাঠানো হয়েছে।

দেশে করোনা মহামারির কারণে কয়েক বছর ধরে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়েছে। তবে এখন থেকে পূর্ণাঙ্গ পাঠ্যক্রমে মূল্যায়নের ধারায় ফিরছে শিক্ষা মন্ত্রণালয়।

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728