নিজস্ব প্রতিবেদক:
সিলেট-৬ আসন পুনরুদ্ধার করলেন এডভোকেট এমরান আহমদ চৌধুরী। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে এমরান চৌধুরী বিজয়ী হন।
বেসরকারি তথ্য অনুযায়ী, এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৬১২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতা ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মো. সেলিম উদ্দিন (দাঁড়িপাল্লা) প্রতীকে ভোট পেয়েছেন ৯৭ হাজার ৭৪৮।
সে হিসেবে মতে বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী ১০ হাজার ৮৬৪ ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লার সেলিম উদ্দিনকে পরাজিত করে তিনি বিজয়ী হয়েছেন।
সিলেট-৬ আসনে ভোট ও ফলাফলে দেখা গেছে, ১৯৭৯ সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রথম নির্বাচনে অংশ নিয়েছিলেন মরহুম লুৎফুর রহমান। তিনি বিজয়ী হয়েছিলেন। এরপর দুটো নির্বাচনে ১৯৯১ ও ১৯৯৬ বিএনপির ধানের শীষ প্রতীক ছিল। কিন্তু প্রার্থী বিজয়ী হতে পারেননি। ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম নাহিদের কাছে হেরে যান ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা সাবেক সাংসদ সৈয়দ মকবুল হোসেন। ২০০১ সালে বিএনপি চারদলীয় জোটগতভাবে নির্বাচন করায় এই আসন জামায়াতকে ছেড়ে দেয়। এর আগের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা সৈয়দ মকবুল হোসেন বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হন এবং বিজয়ী হন। ২০০৮ সালের নির্বাচনেও আসনটি জামায়াতকে ছেড়ে দেওয়া হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ বিজয়ী হয়ে শিক্ষামন্ত্রী হন। ২০১৮ সালের নির্বাচনে এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন ফয়সল আহমদ চৌধুরী। কিন্তু বিজয়ী হতে পারেননি। দীর্ঘ ৪২ বছর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার নিয়ে গঠিত আসনটি পুনরুদ্ধার করলেন এমরান আহমদ চৌধুরী।