নিজস্ব প্রতিবেদক:
সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- দীর্ঘ ১৭ বছরের লড়াই-সংগ্রাম শেষে আজ দেশবাসী নতুন আঙ্গিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের সুযোগ পেয়েছেন। জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আসীনের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। স্বস্তিময় এই সময়ে আমরা স্বাধানীতাযুদ্ধের মহান শহিদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
স্বাধীনতা-সংগ্রামের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে উল্লেখ করে তিনি বলেন- গত ১৭ বছর ইতিহাস অনেকটাই বিকৃত করার করা হয়েছে। এখনো বিভিন্ন অপশক্তি নানাভাবে ইতিহাস বিকৃতের চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে আমাদের গর্বের একাত্তর নিয়ে এখন নানা আপত্তিকর মন্তব্য করা হচ্ছে। তবে দেশবাসী তাদের সম্পর্কে জানে, তাদের চিনে ফেলেছে। সেকারণেই গত নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করেছেন দেশের মানুষ।
সাংসদ এমরান আহমদ চৌধুরী আরও বলেন- ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে দেশজুড়ে গণহত্যা চালানো হয়। সেই সংকটময় সময়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি; সরাসরি সম্মুখসারিতে থেকে যুদ্ধ পরিচালনা করেছেন। সেই সিংহপুরুষের পথ অনুসরণ করে তাঁর সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টায় গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধার পরিবারে সদস্যদর সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৬ আসনের সাংসদ এসব কথা বলেন।
উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম।
উপজেলা সমাজসেবা কর্মকর্মা মো. নুরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী কমান্ডার ও সাবেক কমান্ডার শফিকুর রহমান, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট আবু তাহের, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হিরন মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুনায়েদ কবির, কৃষি কর্মকর্তা মাশরাফুল ইসলাম এবং মৎস্য অধিদপ্তর কর্মকর্তা হাসিবুল ইসলাম।
এছাড়া আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এস এ রিপন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মনসুর আহমদ ও উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া সাহজাহান প্রমুখ।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে সম্মাননা-ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সম্মাননা প্রদান করা হয় ২শ জন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যকে।
অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি এমরান আহমদ চৌধুরী।