নিজস্ব প্রতিবেদক:
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতির গৌরবময় ইতিহাসের এক অনন্য স্মারক। এখন আগামী প্রজন্মের জন্য শোষণমুক্ত, সমতার ভিত্তিতে একটি মানবিক বাংলাদেশ গড়াই এ সরকারের মূল লক্ষ্য।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় সিলেটের বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল যেন দেশের প্রতিটি মানুষ পায়, সে লক্ষ্যে সরকার বদ্ধপরিকর। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এর আগে তিনি আগত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. লুৎফুর রহমান, থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নুল হক, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল বাছিত বকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন এবং মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয় এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।