নিজস্ব প্রতিবেদক:
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা হঠাৎ করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসা সেবার মানোন্নয়নে কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন—স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাস্ত করা হবে না।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে এমপি লুনা হাসপাতালের প্রতিটি বিভাগ ঘুরে দেখেন। এসময় তিনি চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরাসরি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে সেবার বাস্তব চিত্র সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। একটি আধুনিক ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হলে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে। রোগীদের সঙ্গে ভালো আচরণ নিশ্চিত করতে হবে।’
তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সরকারি ওষুধ বাইরে বিক্রি বা সেবায় গাফিলতির কোনো অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, ‘সরকার জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। এই উদ্যোগ সফল করতে স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমি চাই বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি আদর্শ স্বাস্থ্যসেবাকেন্দ্রে পরিণত হোক।’
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুল হক,উ পজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নুল হক, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক বশির আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল বাছিত বকুল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা বিএনপি নেতা আজাদ নুর, কাওছার আহমদ তুলাই, উপজেলা যুবদলের আহবায়ক শামসুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক কাওছার খান, ভারপ্রাপ্ত আহবায়ক নুরুজ্জামান, যুবদল নেতা আবদুল লতিফ, নাজিম উদ্দীন, আব্দুল হান্নান বাবুল, মো. শাহজাহান মিয়া, বাবুল মিয়া, আফিজ আলী মেম্বার, আশিক মিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তসলিম আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, ছাত্র দল নেতা তাজুল ইসলাম, মুনায়েম খান, জাকির হোসেন প্রমূখ।
পরে দুপুরে এমপি লুনা রামপাশা ইউনিয়নের শ্রীপুর মাজার ও সংলগ্ন মসজিদ পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।