সব ধর্ম-বর্ণের মানুষের সহাবস্থান নিশ্চিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ

সচিত্র সিলেট
প্রকাশিত মার্চ ২৬, ২০২৬
সব ধর্ম-বর্ণের মানুষের সহাবস্থান  নিশ্চিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ

নিজস্ব প্রতিবেদক:

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক ও সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারেরও একই আদর্শ। দলমত নির্বিশেষে আমরা সবসময় সবার পাশে থাকি এবং যে কোনো ধর্মের মানুষের সহাবস্থান বাধাগ্রস্ত হলে সবার আগে সহযোগিতায় এগিয়ে যাই।
বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার জৈনপুরে শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবাপীঠে বার্ষিক পূজা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য, সতীতীর্থ শ্রীশ্রী গ্রীবাপীঠ’ শীর্ষক এ আলোচনা সভায় তিনি সিলেটের উন্নয়নে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

সিসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সিলেট নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন। তবে সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া একটি সুন্দর নগর গড়া সম্ভব নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে এবং ছড়া, ড্রেন ও রাস্তায় ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে সিলেটের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এ নগরে কখনোই ধর্মীয় বিভাজন প্রাধান্য পায়নি। সব ধর্ম-বর্ণের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় যেমন স্বাধীনতা অর্জিত হয়েছে, তেমনি দেশের উন্নয়নেও আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। শত শত বছর ধরে সিলেটে ধর্মীয় সম্প্রীতির যে ধারা বিদ্যমান, আমরা সেটিই ধরে রেখেছি।

সিসিকের বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সিলেট নগরের সীমানা সম্প্রসারণ হলেও নতুন ওয়ার্ডগুলো এখনও পর্যাপ্ত উন্নয়ন পায়নি। আমরা ইতোমধ্যে সেখানে উন্নয়ন কার্যক্রম শুরু করেছি এবং সব ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছি। এ সময় তিনি শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবাপীঠের উন্নয়নেও সহযোগিতার আশ্বাস দেন।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি দেবব্রত ভৌমিক চন্দনের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী বেদময়ানন্দ মহারাজ।

বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি গোপীকা শ্যাম পুরকায়স্থ, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার দাশ চৌধুরী, রাকেশ রঞ্জন শর্মা, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমেদ পাটোয়ারী রিপন, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশ প্রমুখ।

সভায় অ্যাডভোকেট বিপ্লব কান্তি দেব মাধব, দীপক দাশ, অ্যাডভোকেট ফণি ভূষণ, শৈলেন কর, কল্লোল জ্যোতি বিশ্বাস, মো. মাহবুবুর রহমানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031