নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার বিকেল ৩টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদানের ৪১ লাখ ৩৫ হাজার টাকার চেক গ্রহণ করেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) পূর্ণকালীন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এ সময় সিসিকের কর্মীদের ঈদ উদযাপনে সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক নেতা, যিনি সারা দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের বিষয়গুলো গভীরভাবে উপলব্ধি করেন এবং তাদের পাশে দাঁড়ান।
সিসিক প্রশাসক আরও বলেন, সিলেট নগরবাসীর কল্যাণ ও উন্নয়নের বিষয়েও প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। সিলেটকে একটি আধুনিক ও উন্নত নগর হিসেবে গড়ে তুলতে তিনি বিভিন্ন সময় উৎসাহ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছেন। পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উদযাপনে এই অনুদান তাঁর মানবিকতারই আরেকটি দৃষ্টান্ত।
অনুদানের চেক হস্তান্তরকালে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন। এ সময় সিসিক প্রশাসক সিলেটের উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখায় স্থানীয় সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবকেও ধন্যবাদ জানান।
এদিকে রোববার সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী-শ্রমিক ইউনিয়ন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি নগরের উন্নয়নে দিনরাত পরিশ্রম করা সিসিকের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, নগরবাসীকে সেবা দিতে এবং একটি সুন্দর, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে আপনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণের ফলে দায়িত্ব ও কাজের পরিধি আরও বেড়েছে। সব সমস্যার সমাধান করে একটি আধুনিক নগর গড়ে তোলার যে চ্যালেঞ্জ আমরা নিয়েছি, তা বাস্তবায়নে সবাইকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায়ই আমরা সিলেটবাসীকে একটি আধুনিক নগর উপহার দিতে পারব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নুর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এবং হিসাবরক্ষণ কর্মকর্তা আ.ন.ম মনসুফ।
এ সময় আরও বক্তব্য দেন কর্মচারী-শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মুমিনুর রহমান তানিম, আবুল কালাম, রুবেল আহমদ নান্নু, মোহাম্মদ শামীম, ফারুক আহমদ, আব্দুস সালাম ও রাশেদ আহমদ।
ইউনিয়নের সভাপতি রজব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য দেন সহ-সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক নজির আহমদ, সহ-সাধারণ সম্পাদক আজির আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. রাকিব ও নির্ঝর রায়, দপ্তর সম্পাদক আব্দুল মুমিন, প্রচার সম্পাদক পারভেজ, অর্থ সম্পাদক রুহুল আমিন, নাসিম আহমদ, জহুরুল হক ও ফারুক আহমদ, রফিক আহমদ, নাহিদ আজিজ, সূর্যলাল, মাসুম, আরিফ, ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাসিত, সহ-সভাপতি মুহিবুর রহমান ও দপ্তর সম্পাদক গৌতম রায় প্রমুখ উপস্থিত ছিলেন।