নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকতার উপর প্রশিক্ষণ গ্রহনকারীরা শিশুরা সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে। সাংবাদিকতা বিশ্বের অন্যতম একটি চ্যালেঞ্জিং পেশা। তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব সাংবাদিকতা পেশাকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের সাংবাদিকতা প্রশিক্ষণ তাদের পেশাগত জীবনে চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য ও দক্ষ করে গড়ে তুলবে। প্রতিষ্ঠিত হতে হলে প্রয়োজন আত্মবিশ্বাস। আর প্রশিক্ষণ সেই আত্মবিশ্বাস সৃষ্টিতে ভূমিকা রাখে। নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ এর সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ২ দিন ব্যাপী শিশু সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এ কথাগুলো বলেন।
হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হবিগঞ্জ প্রতিনিধি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও দীপ্ত টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয়’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট দেবব্রত চক্রবর্ত্তী বিষ্ণু। বক্তব্য রাখেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের ফিচার সম্পাদক আহসান বিপুল।
সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থীর হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়।