মৌলভীবাজারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ৮, ২০২৫
মৌলভীবাজারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজারে ফয়জুর রহমান রুবেল (৪২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে শহরের ব্যস্ততম শমশেরনগর রোডে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা।

নিহত রুবেল জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডের সদাইপাতি মার্কেটস্থ এফ রহমান ট্রেডিং এর মালিক ছিলেন।

জানা যায়, সন্ধ্যার পর দোকানে একা ছিলেন রুবেল। এ সময় হঠাৎ ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের সিএনজি চালক ও স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতেই তিনি মারা যান।

ঘটনার পর থেকে ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। সদাইপাতি মার্কেটের সভাপতি ও অন্যান্য ব্যবসায়ীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের বলেন, ‘ঘটনার পর থেকে পুলিশ তদন্তে নেমেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031