অনলাইন ডেস্ক:
আরবিতে একটি কথা আছে— تُقَارِنْ نَفْسَكَ بِأَحَدٍ رِحْلَتُكَ خَاصَّةٌ অর্থাৎ ‘নিজেকে কারও সঙ্গে তুলনা করো না— তোমার জীবনযাত্রা ও পথচলা একান্তই তোমার নিজের।’
আমরা অনেক সময় নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করে হতাশ হয়ে পড়ি। কারও সাফল্য, সম্পদ, মর্যাদা বা সুখ দেখে মনে হয়— ‘আমি কেন এমন নই?’ কিন্তু ইসলাম আমাদের শেখায়, প্রত্যেক মানুষের জীবন আলাদা, তার রিজিক আলাদা, তার পরীক্ষা আলাদা এবং তার গন্তব্যও আলাদা।
‘না’, অন্যের উন্নতি বা সুখ্যাতি দেখে নিজেকে কারও সঙ্গে তুলনা করা যাবে না বরং তুমি নিজের উন্নতি বা সুখ্যাতির জন্য চেষ্টা করতে পারো। কেননা তোমার জীবনযাত্রা ও পথচলা একান্তই তোমার নিজের।
আল্লাহ তাআলা কাউকে অনর্থক বা অনুরূপ করে সৃষ্টি করেননি। প্রত্যেককে তিনি দিয়েছেন নির্দিষ্ট ক্ষমতা, সময় ও দায়িত্ব। কুরআনের আলোকে আল্লাহ তাআলা বলেন—
وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللَّهُ بِهِ بَعْضَكُمْ عَلَىٰ بَعْضٍ
‘আল্লাহ যাদেরকে তোমাদের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাদের প্রতি লালসা করো না।’ (সুরা আন-নিসা: আয়াত ৩২)
এই আয়াত আমাদের শেখায়—অন্যের পাওয়া নিয়ে আফসোস নয়, বরং নিজের পাওয়া নিয়েই সন্তুষ্ট থাকা ও কৃতজ্ঞ হওয়াই মুমিনের বৈশিষ্ট্য।
আরও পড়ুন
না পাওয়ার ভিড়ে আল্লাহকে পাওয়ার উপায়— ‘তাহাজ্জুদ’
না পাওয়ার ভিড়ে আল্লাহকে পাওয়ার উপায়— ‘তাহাজ্জুদ’
হাদিসের শিক্ষা
উপরের দিকে তাকালে অন্তরে হিংসা ও অতৃপ্তি জন্ম নেয়, আর নিচের দিকে তাকালে জন্ম নেয় শোকর ও তৃপ্তি। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
انْظُرُوا إِلَىٰ مَنْ هُوَ أَسْفَلَ مِنْكُمْ، وَلَا تَنْظُرُوا إِلَىٰ مَنْ هُوَ فَوْقَكُمْ
‘তোমাদের চেয়ে যারা কম পেয়েছে তাদের দিকে তাকাও, যারা বেশি পেয়েছে তাদের দিকে তাকিও না।’ (বুখারি ৬৪৯০, মুসলিম ২৯৬৩, মিশকাত ৫২৪২)
জীবনের বাস্তবতা
হয়তো তুমি দেরিতে সফল হবে, কিন্তু তোমার সাফল্য হবে গভীর ও স্থায়ী। হয়তো তোমার পথ কষ্টের, কিন্তু এই কষ্টই তোমাকে আল্লাহর কাছে বেশি প্রিয় করে তুলছে। আল্লাহ তাআলা বলেন—
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
‘আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না।’ (সুরা আল-বাকারা: আয়াত ২৮৬)
তোমার যে অবস্থান, যে সংগ্রাম—সবই আল্লাহর জ্ঞানের মধ্যে। তাই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা মানে আল্লাহর পরিকল্পনার ওপর অসন্তুষ্ট হওয়া।
নিজেকে প্রশ্ন করো না— ‘সে এত এগিয়ে গেল, আমি কেন পারলাম না?’ বরং বলো— ‘হে আল্লাহ, তুমি আমাকে যে পথে রেখেছো, সেটাকেই আমার জন্য কল্যাণময় করে দাও।’
যে নিজের পথে সন্তুষ্ট থাকে, সে-ই প্রকৃত সফল।
শান্তির পথ—
> তুলনা নয়—তাওয়াক্কুল তথা আল্লাহর ওপর আস্থা বা ভরসা
> হিংসা নয়—শোকর বা কৃতজ্ঞতা
> হতাশা নয়—সবর বা ধৈর্য
তোমার জীবন আল্লাহর হাতে লেখা এক অনন্য গল্প— কারও গল্পের সঙ্গে এর তুলনা হয় না। আল্লাহ আমাদের সবাইকে নিজের তাকদিরের ওপর সন্তুষ্ট থাকার তাওফিক দিন। আমিন