নিজস্ব প্রতিবেদক:
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘বিএনপি মানেই উন্নয়ন, বিএনপি মানেই জনগণের অধিকার। বিএনপি ক্ষমতায় গেলে শুধু কথার উন্নয়ন নয়, বাস্তব উন্নয়ন হবে। রাস্তাঘাট, স্বাস্থ্যখাত, শিক্ষাখাত, কর্মসংস্থান দেশের প্রতিটি সেক্টরে অভূতপূর্ব পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। তিনি বলেন, সিলেট-২ আসন দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানে ভাঙাচোরা রাস্তা, উন্নয়নের নামে বৈষম্য, এই চিত্র আর আমরা দেখতে চাই না। আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়ে বলছি, বিএনপি ক্ষমতায় এলে এই জনপদের প্রতিটি রাস্তা হবে টেকসই ও মানসম্মত। গ্রাম থেকে হাট-বাজার, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগবে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর বাজারে ধানের শীষের সমর্থনে নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইলিয়াসপত্নী লুনা আরও বলেন, স্বাস্থ্যখাতে আমরা গড়ে তুলবো আধুনিক হাসপাতাল ও ইউনিয়ন পর্যায়ে মানসম্মত চিকিৎসাসেবা। শিক্ষাখাতে নিশ্চিত করবো শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষা পরিবেশ ও কর্মসংস্থানের সুযোগ। যুবসমাজকে আর বেকার হয়ে ঘরে বসে থাকতে হবে না, তাদের হাতে তুলে দেওয়া হবে কাজ ও মর্যাদা। তিনি বলেন, ‘এম. ইলিয়াস আলী শুধু একজন নেতা নন, তিনি এই এলাকার ভালোবাসার নাম, প্রতিবাদের প্রতীক। আজ তাঁর সহধর্মিণী হিসেবে নয়, আপনাদের একজন সন্তান হিসেবে আমি আপনাদের কাছে এসেছি। আপনারা যদি ধানের শীষে ভোট দেন, তাহলে সেটা হবে অন্যায়, দুঃশাসন ও অবিচারের বিরুদ্ধে একটি শক্তিশালী জবাব। আসুন, ভয় নয়, ভোট দিন। লোভ নয়, ভোট দিন। ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার ফিরিয়ে আনি। ইনশাআল্লাহ, বিজয় আমাদের হবেই।’
স্থানীয় বিএনপি নেতা মাসুদ আহমদের সভাপতিত্বে ও বিএনপি নেতা রাজা মিয়ার পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঈনুল হক চৌধুরূ, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নূল হক, জেলা বিএনপি নেতা আব্দুল জলিল জিলু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, শাহ মো এহিয়া,যুক্তরাজ্য বিএনপি নেতা মো. জামাল উদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা দলের নেত্রী মুসলিমা আক্তার, উপজেলা বিএনপি নেতা কয়েছ আহমদ, শফিক আহমদ মেম্বার, আলী আজগর ফয়েজ, রায়হান আহমদ, আব্দুল হাই, সৈয়দ মোফাজ্জল আলী, ফজল আহমদ জনি, মুদাচ্ছের আলী, মিয়া মো. জামিল, বখতিয়ার উদ্দিন মেম্বার, নুরুল আলী রিপন, রেদওয়ান আহমদ, শিপন মিয়া, তাজুল ইসলাম, নিজাম উদ্দিন, আব্দুল হক, আব্দুর রকিব, আবির প্রমূখ।